খুলনায় ফুটপাত দখলমুক্ত ও ইজিবাইকের যানজট নিরসনের দাবি নিসচার
খুলনা ব্যুরো :
খুলনায় পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা এবং ইজিবাইকের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের খুলনা আঞ্চলিক কার্যালয়ে সংগঠনটির মহানগর শাখার প্রথম সাংগঠনিক সভায় এ দাবি জানানো হয়।
সভার শুরুতে নিসচা খুলনা মহানগর শাখার নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ সভা পরিচালনা করেন।
অনলাইনে যুক্ত হয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নিসচা খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি ও অস্ট্রেলিয়াপ্রবাসী এসএম ইকবাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও আমেরিকাপ্রবাসী মনির আহমেদ মুন্না।
সভায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনসহ সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গাড়িচালকদের ট্রাফিক আইন স্বতঃস্ফূর্তভাবে ও সুশৃঙ্খলভাবে মেনে চলতে উৎসাহিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নিসচার নেতারা বলেন, খুলনা শহরের অধিকাংশ ফুটপাত বিভিন্নভাবে দখল হয়ে গেছে। ফলে পথচারীদের নিরাপদে হাঁটার জায়গা কমে গেছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের। এর সঙ্গে ইজিবাইকের অসহনীয় যানজট নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে।
এ অবস্থায় ফুটপাত দখলমুক্ত করা এবং ইজিবাইকের যানজট নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন ও খুলনা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় সংগঠনের সহ-সভাপতি মো. জাকির হোসেন জমাদ্দার, সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক নাফিস ইকবাল, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, যুববিষয়ক সম্পাদক ইউসা জহীরসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।