খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৪৫, মৃত্যু ২
খুলনা ব্যুরো :
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ২৯ আগস্টের ডেঙ্গু–সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন ওই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা জেলায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, যশোরে ৪, নড়াইলে ৪, কুষ্টিয়ায় ৩ এবং মেহেরপুরে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মৃত দুজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন। খুলনা জেলায় আরও দুজন এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩২২ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। বিশেষ করে খুলনা শহর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেশি। নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতেও চিকিৎসাসেবার ওপর চাপ বাড়ছে।