শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশ করা হবে: প্রতিমন্ত্রী অমিত
খুলনা ব্যুরো :
শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।
শুক্রবার ২৮ আগস্ট দুপুরে যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে হবে না। জ্ঞান, দক্ষতা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করার উপযোগী করে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে।’
শিক্ষা খাতে বরাদ্দ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময়ই শিক্ষা খাতে এ ধরনের বরাদ্দ দেওয়া হয়নি। আগামীতে এই বরাদ্দ আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে তা জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ যাদের চোখে দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশকে গড়ে তুলতে চাই, সেই শিশু-কিশোরদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারা যেন জ্ঞান, দক্ষতা ও মেধার বিকাশ ঘটিয়ে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, সেভাবেই তাদের প্রস্তুত করতে হবে।’
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরির উন্নয়নের ওপর গুরুত্ব দেন। সাবেক শিক্ষার্থী হিসেবে এসব কাজে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।