শিশুশ্রম বন্ধে নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন   |   খুলনা

শিশুশ্রম বন্ধে নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে

খুলনা ব্যুরো :

শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ। শিশুশ্রম নিরসনে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

১৯ আগষ্ট বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভায় এসব বিষয় উঠে আসে। বাগেরহাট জেলা প্রশাসন ও খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সবাই সম্মিলিতভাবে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব।

তিনি বলেন, কেবল তাৎক্ষণিক সমাধান খুঁজলে হবে না, শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। শিশুশ্রম নিরসনে প্রচার-প্রচারণা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় বাগেরহাট জেলার শিশুশ্রমের হটস্পট চিহ্নিত করে পরিদর্শন, শিশুশ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, সচেতনতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে এনে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ভর্তি, বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতিকুজ্জামান, সমাজসেবা দপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহবুব আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় শিশুশ্রম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান। 

Advertisement
Advertisement
Advertisement