খুলনার সুপ্রিয়া কুন্ডু বিআরটিসির ‘পিংক বাসের’ চালক

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনার সুপ্রিয়া কুন্ডু বিআরটিসির ‘পিংক বাসের’ চালক

মাসুদ আল হাসান,খুলনা :

খুলনার ফুলতলার সুপ্রিয়া কুন্ডু বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা অপারেটর (চালক)’ পদে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। দেশের নারী চালকদের জন্য চালু হওয়া বিআরটিসির ‘পিংক মহিলা বাস সার্ভিসে’ চালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সুপ্রিয়া কুন্ডু খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ’ প্রকল্পের ‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স’ কোর্সের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থী ছিলেন। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন তিনি।

 ১৮ আগস্ট রাজধানী ঢাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিতিতে বিআরটিসির বহুল প্রতীক্ষিত ‘পিংক মহিলা বাস সার্ভিস’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিয়া কুন্ডু দক্ষতার সঙ্গে বাস চালিয়ে যাত্রার সূচনা করেন।

খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ জানান, সুপ্রিয়া কুন্ডু প্রশিক্ষণকালে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। প্রশিক্ষণ শেষে তিনি সফলভাবে কোর্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে বিআরটিসির মহিলা অপারেটর (চালক) পদে নিয়োগ পেয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

সুপ্রিয়া কুন্ডুর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার অলকা গ্রামে। তার বাবা মাখন লাল কুন্ডু এবং মা শ্যামলী রানী কুন্ডু।

নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে সুপ্রিয়া কুন্ডুর এই অর্জনকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছে খুলনা মহিলা টিটিসি কর্তৃপক্ষ। তার সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, প্রশিক্ষক ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। নিরাপদে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত জীবনে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা তাদের।

Advertisement
Advertisement
Advertisement