চিতলমারীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
খুলনা ব্যুরো :
বাগেরহাটের চিতলমারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মো. জুয়েল শিকদার (৪১) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে চিতলমারী উপজেলার হিজলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল শিকদার হিজলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দিদার শিকদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে জুয়েল শিকদারকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ইয়াবা সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।