মোংলা বন্দর ঘিরে জাতীয় অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা -সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী
খুলনা ব্যুরো :
খুলনা শহরে মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, মোংলা বন্দরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সোমবার ১৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার হোটেল সিটি ইনে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি করা গেলে বন্দরের মাধ্যমে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব। মোংলা বন্দরের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরকে ঘিরে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয় মানুষের পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। প্রবন্ধ উপস্থাপন করেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
অংশীজন সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন।
সম্মেলনে মোংলা বন্দর ব্যবহারকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বন্দর ব্যবহারকারীরা মোংলা বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়াতে তাঁদের বিভিন্ন মতামত তুলে ধরেন।