এলাকায় আতঙ্ক ; জয় হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখ
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলাটি করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার রাতে দুজনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় জয় ঢালীর ওপর হামলা চালান আসামিরা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে শুধু পূর্বশত্রুতা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হত্যার মূল রহস্য ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ঘটনার মূল রহস্য ও হত্যার মোটিভ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রোববার থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকার দোকানপাট খুলতে শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকের মধ্যে এখনো চাপা আতঙ্ক রয়েছে।