সাংবাদিককে দায়িত্ব পালনে বাধার ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
খুলনা ব্যুরো :
খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিবেদক রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
রোববার (১৬ আগস্ট) সকালে খুলনার বয়রা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম সাংবাদিক রাজু হাওলাদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁর পেশাগত কাজে বাধা দেন।
এক বিবৃতিতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি ও কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ সংগঠনের নেতারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সাংবাদিকেরা জনস্বার্থে তথ্য সংগ্রহ এবং অনিয়ম তুলে ধরতে কাজ করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো কিংবা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।
নেতারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।