খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
খুলনা ব্যুরো :
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবার ৪ জুলাই খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে তিনি প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতু সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রকল্প এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পের বাস্তবায়ন-সংক্রান্ত সভায় যোগ দেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)–এর সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম মনা, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।