সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনায় কুয়েটের ৯৯ শিক্ষক পেলেন প্রণোদনা

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন   |   খুলনা

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনায় কুয়েটের ৯৯ শিক্ষক পেলেন প্রণোদনা

মাসুদ আল হাসান, খুলনা :

আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কিউ-১, কিউ-২, কিউ-৩ ও কিউ-৪ ক্যাটাগরির আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য নির্বাচিত শিক্ষকদের হাতে প্রণোদনার অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন দপ্তরটির উপপরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম পূর্বশর্ত। গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্ঞানভান্ডারে কুয়েটের অবদান সম্প্রসারণে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। জ্ঞানভিত্তিক সমাজ গঠন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের জন্য মানসম্মত গবেষণার বিকল্প নেই। শিক্ষকদের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত ও স্বীকৃতি দিতেই বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬-এর আওতায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ২৭টি গবেষণা প্রবন্ধের জন্য ১৭ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৪টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৪ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫৭টি গবেষণা প্রবন্ধের জন্য ৩৭ জন এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ১৮টি গবেষণা প্রবন্ধের জন্য ১১ জন শিক্ষক প্রণোদনা পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তরের পরিচালক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাহবুব আলম। এ ছাড়া অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম এবং অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত প্রকাশনা প্রণোদনা বিধিমালা অনুযায়ী গঠিত নির্বাচন কমিটি প্রকাশিত সাময়িকীর মান, আন্তর্জাতিক অবস্থান ও অন্যান্য নির্ধারিত মানদণ্ড বিবেচনায় ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৯ জন শিক্ষককে প্রণোদনার জন্য নির্বাচন করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ গবেষণাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি করবে।