বৈশ্বিক উষ্ণতায় ঝুঁকিতে প্রকৃতি, সতর্ক করলেন; কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন   |   খুলনা

বৈশ্বিক উষ্ণতায় ঝুঁকিতে প্রকৃতি, সতর্ক করলেন; কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

পরিবেশের সুরক্ষায় এখনই দায়িত্বশীল না হলে ভবিষ্যতে নানা ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকুল ঝুঁকির মধ্যে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন শুক্রবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে সুরক্ষা দেয়। তাই সুন্দরবন রক্ষার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। তিনি আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে একটি সচেতনতামূলক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement