সুন্দরবনে অভিযান, অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে অভিযান, অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

মাসুদ আল হাসান,খুলনা :

বাগেরহাটের সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র, গোলাবারুদ, বন্য প্রাণী শিকারের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি বাহিনীটির একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ৪ জুন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গত ৩ জুন বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস–সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, হরিণের শিংসহ একটি মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই মোরেলগঞ্জের পি সি বাড়ইখালি এলাকায় তাঁর বাড়িতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতি ও বন্য প্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আল-আমিন দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বাহিনীটি বলেছে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement