বাসযোগ্য নগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ; কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   খুলনা

বাসযোগ্য নগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ; কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৪ জুন বৃহস্পতিবার সকালে খুলনার ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় সংরক্ষণ, নিরাপদ যাতায়াত এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র তাপদাহ, সুপেয় পানির সংকট, বন্যা, জলোচ্ছ্বাস ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতিসহ পরিবেশগত নানা সংকটে জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।

হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement