বাগেরহাটের দক্ষিণ খানপুরে মাদকবিরোধী অভিযানে দুজনের কারা ও অর্থদন্ড
খুলনা ব্যুরো :
বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার (৩ জুন) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিকেল ৫টার দিকে দক্ষিণ খানপুর এলাকার মো. জাহিদুল হাওলাদার (৩৬) এবং বিকেল সোয়া ৫টার দিকে হাওলাদার মিজবা (২২) নামে অপর একজনকে আটক করা হয়।
পরে পৃথক মোবাইল কোর্টে ইয়াবা সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।