স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

 প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন   |   খুলনা

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

খুলনা ব্যুরো :

স্বামীর মরদেহ নিয়ে ঢাকা থেকে যশোরে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর। নড়াইলে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকও। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার ৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজ সংলগ্ন যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৫৫) যশোরের পুলেরহাট এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা তাহের হোসেন-এর মা। অপর নিহত ব্যক্তি অ্যাম্বুলেন্সচালক মো. আকবর হোসেন (২৯), যার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেনের মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে যশোরের উদ্দেশে রওনা দেন। পথে নড়াইলের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই জাহানারা বেগম মারা যান। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত তাহের হোসেনসহ আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement