খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেডবাবুর সহযোগীসহ গ্রেফতার ৪
খুলনা ব্যুরো :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২৫), মো. আল-আমিন খান (২৪), মো. রানা খান (২৭) এবং মো. স্বপন (২৪)।পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাব্বি খুলনার কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু-এর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে এবং অপর তিন আসামিকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।