গাংনীতে টায়ার চুরি করতে গিয়ে গণপিটুনীতে চোরের মৃত্যু
খুলনা ব্যুরো :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় একটি টায়ারের দোকানে চুরির ঘটনায় আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, চুরির সময় ধরা পড়ার পর উত্তেজিত জনতার মারধরে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ২ জুন ভোরে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে পাঁচ সদস্যের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কয়েকটি ট্রাকের টায়ার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এ সময় দোকানের ভেতরে অবস্থানরত এক কর্মচারী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে দলের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়েন। পরে তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোকান মালিকের ভাই তুষার হোসেন জানান, ভোরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় তার। পরে সিসিটিভি ক্যামেরায় দোকান থেকে টায়ার সরিয়ে নেওয়ার দৃশ্য দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি মৃত্যুর ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চুরির ঘটনা ও মৃত্যুর কারণ—উভয় বিষয়েই তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।