খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত ১
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলী নূর ডাবলু (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৭ মে) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে পশ্চিম বানিয়াখামার তিন মাথার মোড়ে মেহেদী আয়রন স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলী নূর ডাবলু জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জেরে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম হাতের কনুইয়ের কাছে লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।