খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ তাইজুল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত তাইজুল বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চানদার ডাঙ্গি এলাকার নজরুলের ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাইজুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।