আজ খুলনার ১৪৫তম জন্মদিন

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন   |   খুলনা

আজ খুলনার ১৪৫তম জন্মদিন

খুলনা ব্যুরো :

দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী জেলা খুলনার ১৪৫তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

ইতিহাস অনুযায়ী, ১৮৩৬ সালে রূপসা নদীর পূর্বপাড়ে তালিমপুর-রহিমনগর সংলগ্ন কিসমত খুলনা মৌজায় ‘নয়াবাদ’ নামে একটি থানা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে প্রশাসনিক কার্যক্রমের সূচনা হয়। এর আগে যশোর জেলা সদরের মুড়লী ছিল এ এলাকার প্রশাসনিক কেন্দ্র।

১৮৪২ সালে দেশের প্রথম মহকুমা হিসেবে খুলনা মহকুমার যাত্রা শুরু হয়। ইংরেজ কর্মকর্তা এম এ জি শো ছিলেন প্রথম মহকুমা ম্যাজিস্ট্রেট।

১৮৮২ সালে খুলনা জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে প্রশাসনিক সম্প্রসারণের অংশ হিসেবে সাতক্ষীরা (১৮৬১) ও বাগেরহাট (১৮৬৩) মহকুমা গঠিত হয়। সে সময় জেলার আয়তন ছিল প্রায় ৪ হাজার ৬৩০ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল ৪৩ হাজার ৫০০।

ইংরেজ ডব্লিউ এম ক্লে ছিলেন খুলনার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট। ১৯৮৪ সালে সাতক্ষীরা ও বাগেরহাট পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর খুলনা পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয়।

খুলনা দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় শিববাড়ি মোড় থেকে বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে মেজবানি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত থাকবেন।

এবারের আয়োজনে ভাষা সংগ্রামী বেগম মাজেদা আলী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ এনায়েত আলি, শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম, অধ্যক্ষ মোহাম্মাদ মাজহারুল হান্নান, প্রফেসর হারুন অর রশিদ, পাট ব্যবসায়ী আব্দুল মান্নান ও প্রকৌশলী আজাদুল হককে সম্মাননা প্রদান করা হবে।

Advertisement
Advertisement
Advertisement