চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা,নড়াইলে গ্রেফতার ৪
খুলনা ব্যুরো :
স্বল্প মূল্যে ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইল থেকে চার যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ভুয়া ফেসবুক পেজ খুলে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সবাই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ পরিচালনা করত চক্রটি। এসব পেজে কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হতো। অনেকেই অগ্রিম টাকা পাঠালেও পরে কোনো পণ্য পাননি।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত শুরু করে। পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশনায় গত ২৩ এপ্রিল তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইনে ভুয়া পেজ খুলে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।