বই পড়ার বিকল্প নেই: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা-হেলাল

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন   |   খুলনা

বই পড়ার বিকল্প নেই: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা-হেলাল

মাসুদ আল হাসান, খুলনা :

সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রকৃত শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; জীবন গড়ার জন্য জ্ঞান অর্জনই শিক্ষার মূল লক্ষ্য। আর সেই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই।

শুক্রবার সকালে খুলনার রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সংবর্ধনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধুনিক ভার্চুয়াল যুগে দক্ষ হতে হলে প্রথমেই পুঁথিগত শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। বই মানুষের চিন্তাশক্তি, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। সেখানে রাজনৈতিক কার্যক্রম নয়, শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠানে সবার সমান অধিকার থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। শৃঙ্খলা, পরিশ্রম, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া ভালোবাসা ও আস্থার মর্যাদা রাখতে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রয়াত অবদানকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। পরে তিনি তেরখাদা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement