রূপসার হত্যা রহস্য উন্মোচন, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন   |   খুলনা

রূপসার হত্যা রহস্য উন্মোচন, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ২০২৬ বিকেলে রূপসা থানার ভবানীপুর এলাকার বাসিন্দা আবুল খায়ের লস্কর (৫৫) মাংস বিক্রির ৪০০ টাকা দাবি করা নিয়ে একই এলাকার দ্বীন মোহাম্মদ ঢালীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে অভিযুক্ত আবুল খায়ের রাস্তার পাশ থেকে ইট তুলে ভিকটিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে দ্বীন মোহাম্মদ ঢালী মারা যান। এ ঘটনায় পরদিন রূপসা থানায় হত্যা মামলা (ধারা ৩০২, পেনাল কোড) দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই আসামি পালিয়ে আত্মগোপনে চলে যায়। তদন্তে জানা যায়, গ্রেপ্তার এড়াতে তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। দীর্ঘ ৩০ দিনের গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর পিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে যশোর জেলার কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল খায়ের জানান, ঘটনার পর তিনি নড়াইল জেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে যশোরে আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি ইট দিয়ে আঘাত করে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।

মামলাটির তদন্ত তদারকি করছেন পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা) এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই (নিঃ) মো. সোহানুর রহমান।

পিবিআই জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement