সুন্দরবনের গভীরে ঝড়ে নিখোঁজ ৪ মৌয়াল উদ্ধার

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনের গভীরে ঝড়ে নিখোঁজ ৪ মৌয়াল উদ্ধার

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সুন্দরবনের গভীরে মধু আহরণ করতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৪ মৌয়ালকে জীবিত উদ্ধার করেছে বন বিভাগ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন হলদেবুনিয়া অভয়ারণ্যে গত ১৩ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে বন বিভাগের একটি টহল দল নিয়মিত অভিযানে বের হয়। সকাল ৮টার দিকে ছায়া নদীর টেক এলাকায় টহলরত ফাইবার বোট দেখতে পেয়ে দুই ব্যক্তি ডাকাডাকি শুরু করলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই মৌয়ালকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের কাছ থেকে জানা যায়, তারা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। দাড়গাং মোহনা হয়ে রায়মঙ্গল নদী পেরিয়ে কাচিকাটা এলাকায় যাওয়ার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তারা দিকভ্রান্ত হয়ে পড়েন এবং নৌকাটি রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে যায়।

তাদের একজনসহ নৌযানটি ভারতীয় বন বিভাগের হাতে আটক হয়। আটককৃত ব্যক্তি মোঃ শওকাত আলী গাজী (পিতা: আবের আলী গাজী, মাতা: আমিনা বিবি, সাং- ছোটকুপট, নওয়াবেঁকী, শ্যামনগর)। বাকি চারজন মৌয়াল বিচ্ছিন্ন হয়ে বনের ভেতরে পড়ে যান।

পরে তারা দুই দিন পায়ে হেঁটে আবার একত্রিত হন এবং বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বন বিভাগের টহল জোরদার থাকায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারা একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাতের অন্ধকারে গড়াল নদী পার হয়ে ছায়া নদীর তীরে পৌঁছান।

তিন দিন অনাহারে থাকায় তারা চরম দুর্বল হয়ে পড়েছিলেন। পরে বন বিভাগের টহল দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয় এবং হলদেবুনিয়া অফিসে নিয়ে আসে। সেখান থেকে নোটাবেকী হয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে রাত আনুমানিক ১০টার দিকে পৌঁছানো হয়।

পরবর্তীতে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া সকলেই সুস্থ রয়েছেন।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—রাসিদুল ইসলাম (৩৬), পিতা: ফেরদাউস মোল্যা, সাং- পশ্চিম বিড়ালক্ষী;শুকুর আলী সরদার (৩৭), পিতা: সাবুদ আলী সরদার, সাং- বুড়িগোয়ালিনী;

আব্দুল লতিফ মোল্যা (৬৪), পিতা: আদম;তৈবুর রহমান (২৩), পিতা: লিয়াকাত আলী মোল্যা, সাং- পশ্চিম বিড়ালক্ষী, শ্যামনগর, সাতক্ষীরা।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “এ ধরনের মানবিক পরিস্থিতিতে বাংলাদেশ বন বিভাগ সবসময় উদ্ধার তৎপরতা অব্যাহত রাখবে।”