খুলনায় হামের প্রকোপ, দুই দিনে দুই শিশুর মৃত্যু
খুলনা ব্যুরো :
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় শনিবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
এ নিয়ে গত দুই দিনে খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে একই উপসর্গে হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণের মতো জটিলতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত এক মাসে খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত ৭৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।