সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গুলি, অস্ত্র উদ্ধার

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গুলি, অস্ত্র উদ্ধার

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ডাকাত সন্দেহে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে সুন্দরবনের সংরক্ষিত কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকেল ৩টার দিকে কোবাদক স্টেশনাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় অবস্থান করছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বন বিভাগের বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত গহীন বনের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement