বটিয়াঘাটায় উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু
খুলনা ব্যুরো :
জাতীয় সংসদ নির্বাচনের আবহ কাটতে না কাটতেই খুলনার বটিয়াঘাটা উপজেলায় শুরু হয়েছে সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠ দখলের প্রতিযোগিতায় নেমেছেন।
উপজেলায় প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী তাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে থানা আমির মাওলানা শেখ আবু ইউসুফকে চূড়ান্ত করেছে। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেতে চার নেতা সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারা হলেন— খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়েবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এবং সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি।
এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেন শিমুও সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ রাসেল কবির ও গণমাধ্যমকর্মী শাওন হাওলাদার মাঠে সক্রিয় রয়েছেন। সিপিবি’র প্রার্থী হিসেবে অশোক সরকারের নামও আলোচনায় রয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা প্যানা-পোস্টার টানানো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, হটস্পট বৈঠক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বটিয়াঘাটায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ৫০৫, নারী ৮৬ হাজার ৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সমর্থন ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই ভোটারদের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।