ঝিনাইদহে র্যাবের অভিযানে ভোজ্যতেলের অবৈধ মজুদে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনা ব্যুরো :
ঝিনাইদহ সদর উপজেলায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও বাজারে অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে ভোজ্যতেলের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভোজ্যতেল বিক্রয়ে অনিয়মের দায়ে মেসার্স মজিদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে শাহা স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে র্যাবের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।