সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে আগাম ঈদ উদযাপন

 প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন   |   খুলনা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে আগাম ঈদ উদযাপন

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সারাদেশে রমজান মাস চলমান থাকলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কলারোয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা কুশখালী বাউকোলা মসজিদে সমবেত হতে থাকেন।

এই প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এতে সদর উপজেলার ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা এবং কলারোয়া উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন।

ঈদের নামাজে অংশ নিতে আসা কলারোয়া উপজেলার এক বাসিন্দা জানান, “সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি ৮টার জামাত ধরতে। আমরা প্রতি বছরই বিশ্বের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছি।”

নামাজ শেষে বিশেষ খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, “পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। যেহেতু আমরা একদিন আগে থেকে রোজা শুরু করেছিলাম, তাই আজ আমাদের জন্য ঈদের দিন।” তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি।