ঈদ উপলক্ষে কেসিসির পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান বিতরণ
খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং ধাপে ধাপে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
১৬ মার্চ সোমবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলোকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে কর্মীদের উৎসাহিত করতেই এ অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা মহানগরীর বিদ্যমান সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলে নতুনভাবে মহানগরীকে সাজিয়ে তোলা হবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।