সংবাদ শিরোনাম

সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ দস্যু দয়াল বাহিনীর সদস্য আটক

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ দস্যু দয়াল বাহিনীর সদস্য আটক

খুলনা ব্যুরো :

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ মার্চ) দাকোপ উপজেলার শিবসা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস তৌফিক জাহাজের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দস্যু দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনের দিকে যাচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে দাকোপ উপজেলার শিবসা নদীতে কোস্টগার্ড বিশেষ অভিযান চালায়। এ সময় দস্যুদের রসদ সরবরাহকারী আব্দুল হালিম (৩৬)কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপের টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত থেকে তাদের অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।