বাগেরহাটে নিখোঁজের ৬ দিন পর নারীর মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো :
বাগেরহাটে নিখোঁজের ছয় দিন পর গীতা রানী দাস (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে এক প্রতিবেশী নারী ডোবা থেকে শাক তুলতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে দূর্জয় দাস জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করার পরও তার সন্ধান মেলেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।