ফিরোজ আহমেদের স্মরণসভা --- গুনীজন স্মৃতি পরিষদের আলোচনা
খুলনা ব্যুরো :
খুলনায় গণমানুষের নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুনীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় খুলনা সিভিল সোসাইটি কার্যালয়ে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন অত্যন্ত মেধাবী, সুবক্তা, সদালাপী ও স্পষ্টভাষী ব্যক্তিত্ব। সমাজে কোনো সংকট সৃষ্টি হওয়ার আগেই তিনি আগাম বার্তা দিতে পারতেন এবং সুদূরপ্রসারী চিন্তা করতেন। উচ্চশিক্ষিত হয়েও শ্রমিক আন্দোলনের সঙ্গে তার গভীর সম্পৃক্ততা ছিল।
নাগরিক অধিকার আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। খুলনার উন্নয়ন ছিল তার আজীবনের স্বপ্ন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। সভা সঞ্চালনা ও প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
এতে বক্তব্য দেন সিভিল সোসাইটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের ও নারীনেত্রী কৃষ্ণা দাশসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন একজন উদ্ভাবনপ্রিয় মানুষ এবং সারাজীবন সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।