খুলনায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ৬ দোকানিকে জরিমানা
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে সিলিন্ডারে বিক্রয়যোগ্য এলপিজি গ্যাসের অবৈধ মূল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (৭ মার্চ ২০২৬) তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট—উম্মে সালমা খানুন, রিজওয়ানুর রশিদ ও মো. মেহেদী হাসানের নেতৃত্বে তিনটি পৃথক দল গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ, আনসার বাহিনী ও বিএসটিআইয়ের সমন্বয়ে খুলনা মহানগরীর সদর থানা, খালিশপুর থানা, বয়রা, সোনাডাঙা, নিরালা ও গল্লামারী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়কৃত গ্যাসের পাকা রশিদ দেখাতে ব্যর্থ হওয়া ছাড়াও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ছয়টি দোকানের বিক্রেতাকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।