সংবাদ শিরোনাম

নিত্যপণ্যের দাম যাচাইয়ে কেসিসি প্রশাসকের বাজার পরিদর্শন

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন   |   খুলনা

নিত্যপণ্যের দাম যাচাইয়ে কেসিসি প্রশাসকের বাজার পরিদর্শন

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ৮ মার্চ রবিবার সকালে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারদর যাচাই করেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করলেও কিছু ব্যবসায়ী এখনো এ নির্দেশনা মানছেন না। আবার কিছু ব্যবসায়ীর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউমার্কেট কাঁচাবাজার ও বয়রা বাজার পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে কেসিসি কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, মাহে রমজানের শেষ দিকে এসে মানুষ যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, নিত্যপণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য ও সহনীয় ব্যবধান রাখতে হবে। শুধু রমজান মাসেই নয়, সব সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং পণ্যের মান বজায় রাখতে হবে।

ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য কিনতে পারেন, সে বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সজাগ থাকার আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও সহকারী বাজার সুপার লিয়াকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।