সংবাদ শিরোনাম

খুলনায় যানজট নিরসনে কেসিসি–ট্রাফিক বিভাগের মতবিনিময় সভা

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় যানজট নিরসনে কেসিসি–ট্রাফিক বিভাগের মতবিনিময় সভা

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা মহানগরীর যানজট সমস্যা নিরসনে কেএমপি’র ট্রাফিক বিভাগ এবং রিকশা, ইজিবাইক, সিএনজি ও মাহেন্দ্র মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

যানজট নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত জনভোগান্তির সংবাদ ও নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে সমস্যার সমাধানের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অনানুমোদিত ইজিবাইক ও রিকশা চলাচল, সড়কের ডিভাইডারে ঘন ঘন ইউটার্ন, পর্যাপ্ত জেব্রা ক্রসিং না থাকা, গুরুত্বপূর্ণ মোড়ে যাত্রী ওঠানামা, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, বড় মার্কেট ও হাসপাতালের নিজস্ব পার্কিং না থাকা এবং ভ্রাম্যমাণ হকারদের কারণে নগরীতে যানজট বাড়ছে। বিশেষ করে শিববাড়ি, পাওয়ার হাউজ ও ফেরিঘাট মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব সমস্যা প্রকট।

সভায় জানানো হয়, নগরীতে প্রায় ১০ হাজার ইজিবাইক চলাচলের অনুমতি রয়েছে এবং ১৭ হাজার রিকশার লাইসেন্স থাকলেও ২০২৪-২০২৫ অর্থবছরে মাত্র ৬৮০টি রিকশার লাইসেন্স নবায়ন হয়েছে। আদালতে মামলা চলমান থাকায় লাইসেন্স নবায়ন বন্ধ রয়েছে। এছাড়া অনেক ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বাইরে থেকে শহরে প্রবেশ করছে, যা নিয়ন্ত্রণ করা গেলে যানজট অনেকটাই কমানো সম্ভব।

সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর যান চলাচল সুশৃঙ্খল করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বার্থে প্রয়োজনে রিকশা, ইজিবাইক ও সিএনজি চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে।

সভায় বাস ও ট্রাক নির্দিষ্ট স্ট্যান্ডে রাখা, সড়কে নির্মাণসামগ্রী না রাখা, দোকানের সামনে সড়কে পণ্য প্রদর্শন বন্ধ করা এবং যত্রতত্র গাড়ি পার্কিং না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদে রিকশা ও ইজিবাইকের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণ এবং হকারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।