সংবাদ শিরোনাম

প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার --- প্রবাসী কল্যাণমন্ত্রী

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার  --- প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে সরকার। যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মাধ্যমে প্রধানমন্ত্রী  প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখছেন৷

মন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখায় ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দুবাইয়ে নিহত আহম্মেদ আলীর জানাযার পূর্বে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন প্রবাসীদের সুরক্ষায় একযোগে কাজ করছে৷ যুদ্ধে বাংলাদেশি ৪ জন প্রবাসী নিহত হলেও একজনের লাশ দেশে এসেছে, বাকিদের লাশও সেদেশের আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি খরচে দেশে আনা হবে। আমরা নিহতদের সকলের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং নিয়মিত খোঁজখবর রাখছি।

মন্ত্রী আরো বলেন, যারা আহত হয়েছে দূতাবাসের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধের কারণে যারা কর্মহীন এবং গৃহবন্দি হয়ে আছে তাদেরকেও খুঁজে বের করে দূতাবাসের মাধ্যমে খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান।

এর আগে মন্ত্রী প্রবাসী আহম্মেদ আলীর লাশ নিয়ে বড়লেখায় পৌঁছালে নিহতের বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়৷ মন্ত্রী এ সময় শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কঠিন সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।