প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এডিবি’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আজ তাঁর অফিসকক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে বাংলাদেশ সরকার ও এডিবি’র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়সহ বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে এডিবি’র অতীত ও বর্তমান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে প্রাথমিক শিক্ষায় তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠায় এডিবির সার্বিক সহায়তা কামনা করেন।
বৈঠকের শুরুতে এডিবি’র ডিরেক্টর (হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট) জি সুন সং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। আগামীতে দুই পক্ষের মধ্যে আরো ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন চ্যালেঞ্জ, মানবসম্পদ উন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলটি বাংলাদেশের বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং এসব প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।