খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা মহানগরীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনা”।
সংগঠনটির উদ্যোগে আজ ৯ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সিইউসি স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কেএমপি সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন এবং তাদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান; সিইউসি স্কুলের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।