সংবাদ শিরোনাম

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনা ব্যুরো :

উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ রবিবার বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সমাজে বৈষম্য এখনও নারীদের সঙ্গেই বেশি ঘটে। তাই নারীদের শুধু মা, বোন বা স্ত্রী হিসেবে নয়, প্রথমত একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত। তিনি আরও বলেন, নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা এবং তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি কর্মস্থলে যদি নারীদের জন্য কমফোর্ট রুমের ব্যবস্থা রাখা যায়, তবে নারী কর্মীরা ব্যক্তিগত ও দাপ্তরিক কাজ আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন।

খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।