সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যা, লাশ পায়খানার ট্যাংকিতে উদ্ধার

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যা, লাশ পায়খানার ট্যাংকিতে উদ্ধার

আসিফ মোল্লা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়ার নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে- নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী। 


অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় আটক করা হয়েছে তার স্বামী মিজানুর রহমান ভেজুকে। তিনি প্রাথমিকভাবে নাসিমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। 

ওয়াসিম ফিরোজ আরও বলেন, পারিবারিক কলহের জেরে রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেন। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।