খুলনায় লিঙ্গসমতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সংলাপ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় লিঙ্গসমতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সংলাপ অনুষ্ঠিত

খুলনা  ব্যুরো :

খুলনায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বৈষম্যহীন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে নিয়োগকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ইউসেপ বাংলাদেশ-এর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রিভেট প্রকল্পের অর্থায়নে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, সাংবাদিক, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে ইউসেপ খুলনা অঞ্চলের সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগকর্তা এবং গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

আলোচনা পর্বে সমাজকর্মী ও উদ্যোক্তা মুক্তা জামান রাখী কর্মক্ষেত্রে জেন্ডার সমতা, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারী ও প্রতিবন্ধী কর্মীদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।


দৈনিক কালের সাক্ষী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবা খাতুন যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উদ্যোক্তা রাবেয়া খাতুন শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহের নেতিবাচক প্রভাব তুলে ধরে বলেন, বাল্যবিবাহ নারীর শিক্ষা ও কর্মজীবনে বড় বাধা সৃষ্টি করে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিরাপদ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথ উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর জোর দেন।

সমাপনী বক্তব্যে নাসরিন আক্তার আলোচনার সারাংশ তুলে ধরে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।