কুয়েটে ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজিত ‘শাহ্ সিমেন্ট–কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট–২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইসিই বিভাগকে ১–০ গোলে পরাজিত করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে ইসিই বিভাগ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
টুর্নামেন্টে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে আইইএম বিভাগ। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন সিভিল বিভাগের মিজাইল। বেস্ট প্লেয়ার নির্বাচিত হন মোঃ আহাসান হাবিব আশিক (সিভিল), বেস্ট রাইজিং প্লেয়ার মোঃ ইমরুল হাসান (এমএসই), বেস্ট গোলকিপার ফাহিম ফয়সাল (এমএসই) এবং যৌথভাবে টপ স্কোরার হন আহনাফ তাজওয়ার সাদী (সিএসই) ও রবিউল ইসলাম (ইউআরপি)
অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জনতা ব্যাংক পিএলসি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টটি শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিল কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়।