খুলনায় মিডওয়াইফারি ইনস্টিটিউটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
খুলনা ব্যুরো :
খুলনা নগরীর পুলিশ লাইন সংলগ্ন মুজগুন্নি এলাকায় পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রেহেনা আক্তার (২০)। তিনি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুজগুন্নিতে অবস্থিত ওই ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের পঞ্চম তলায় তাকে একটি কক্ষের লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান সহপাঠীরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রেহেনা আক্তার নতুন শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কারণে মানসিক চাপ থেকেই এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
নিহত শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।