কুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ১৫ জানুয়ার
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি বিআর্ক প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কুয়েটের সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুয়েট কেন্দ্রে ৬ হাজার ২২২ জন এবং বুয়েট কেন্দ্রে ৫ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে [email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে।