খুলনায় নারী ও শিশু নির্যাতন রোধে কর্মশালা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সংশ্লিষ্ট মামলার বিচার প্রক্রিয়া জোরদারের উদ্দেশ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে বেসরকারি সংস্থা নাইস ফাউন্ডেশন এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী নেত্রী, ট্রান্স একটিভিস্ট, মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে, কিন্তু দীর্ঘসূত্রিতা ও বিচার প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, মামলা বিলম্ব এবং সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের আদালতে অনীহা, নিরাপত্তার অভাব ও থানা পুলিশের শিথিলতার কারণে অপরাধীরা শাস্তি এড়াচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত আইনের দুর্বলতা ও ফাঁকফোকর সংস্কার করে কার্যকর আইন প্রণয়ন করবেন এবং ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসনে উদ্যোগ নেবেন।
অন্যান্য বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজ থেকে সহিংসতা অনেকাংশে কমে আসবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন নাইস ফাউন্ডেশনের সম্পাদক এম. মজিবুর রহমান, সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের খুলনা উপ-পরিচালক মো: মামুন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাইস ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচালক রাবেয়া সুলতানা, ধারণাপত্র উপস্থাপন করেন কুয়েটের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আনজুম তাসনুভা। বিশেষ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান।