সংবাদ শিরোনাম

অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধারসহ ২ মাদক কারবারি আটক

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন   |   খুলনা

অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধারসহ ২ মাদক কারবারি আটক

প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী সিপিসি-১। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ৫০৪ গ্রাম।

র‍্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি ২০২৬ দুপুরে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে হেরোইন বহনের তথ্য পাওয়া গেলে ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা সেতুর উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে সন্দেহভাজন ইজিবাইকটি তল্লাশি চালিয়ে সামনের টুলবক্সের ভেতর থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইক চালক তসিকুল ইসলাম (৫৫) কে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত হেরোইন তিনি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকার মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে র‍্যাবের একটি দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়।

দ্বিতীয় অভিযানে মো. জসিম উদ্দিনকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় বাড়ির ডাইনিং রুমসংলগ্ন বাথরুমের ফলস সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা ২০৯ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দুজনই দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধভাবে মাদক সংগ্রহ ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।