সংবাদ শিরোনাম

খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন: বকুল

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন   |   খুলনা

খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন: বকুল

খুলনা ব্যুরো :

খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন বলেই জাতি তাকে মর্যাদার আসনে স্থান দিয়েছে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে খুলনা মহানগরীর পূর্ব বয়রা এলাকায় এলাকাবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথায় অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জীবনে বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন এবং বারবার কারাবরণ করেছেন। নিজের সুখের কথা না ভেবে তিনি সবসময় দেশের জনগণ ও গণতন্ত্রের কথা ভেবেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়াকে কারাভোগ করতে হয়েছে। তাই ভোট যেন যোগ্য প্রার্থীকে দেওয়া হয়, যার মাধ্যমে খুলনার বন্ধ মিল-কারখানা চালু হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আগামী প্রজন্মের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে খুলনা ইমাম পরিষদের বর্ষীয়ান নেতা মাওলানা সালেহ আহমেদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।