সংবাদ শিরোনাম

কুয়েটে শুরু হলো শাহ্ সিমেন্ট ফুটসাল টুর্নামেন্ট

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে শুরু হলো শাহ্ সিমেন্ট ফুটসাল টুর্নামেন্ট

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট–কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট–২০২৬’। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং এ ধরনের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সংহতি বৃদ্ধি করে।

পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টটি আগামী ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ও বিকেলে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।